মধ্যনগরে মিলছে না প্রণোদনার বীজ, বিপাকে প্রান্তিক কৃষক

সুনামগঞ্জের মধ্যনগরে বোরো মৌসুমের বীজতলা তৈরির সময় শুরু হলেও এখনো সরকারি প্রণোদনার বীজ ও সার পাননি প্রান্তিক কৃষকেরা।
এরই মধ্যে হাওরের পানি দ্রুত কমতে থাকায় আগাম বীজ বপন শুরু করেছেন অনেক কৃষক। ফলে নির্ধারিত সময়ে প্রণোদনার বীজ ও সার না পেলে সরকারি সহায়তা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি বাড়তি দামে বাজার থেকে বীজ কিনতে বাধ্য হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।
উপজেলার বিভিন্ন হাওরপাড়ের কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাওরের পানি কমার সঙ্গে সঙ্গে বোরো চাষের প্রস্তুতি নিতে হয়। বিশেষ করে আগাম পানি নেমে গেলে নির্ধারিত সময়ের আগেই বীজ বপনের কাজ শুরু করেন কৃষকেরা। এ অবস্থায় কৃষি মৌসুমের শুরুতেই প্রণোদনার বীজ ও সার বিতরণ জরুরি বলে মনে করছেন তাঁরা।
কৃষকদের অভিযোগ, আগের বছরগুলোতেও বীজ ও সার বিতরণে বিলম্ব হয়েছে। এতে প্রয়োজনীয় সময়ে সরকারি প্রণোদনার বীজ না পেয়ে বাজার থেকে বাড়তি দামে বীজ কিনতে হয়েছে তাঁদের। মধ্যনগর সদর, বংশীকুন্ডা উত্তর, বংশীকুন্ডা দক্ষিণ ও চামরদানি ইউনিয়নের হাওরাঞ্চলের অধিকাংশ কৃষকের জীবিকা বোরো ফসলের ওপর নির্ভরশীল। এক মৌসুমের ফসল ঘিরেই তাঁদের সারা বছরের সংসার খরচ ও ঋণ পরিশোধের পরিকল্পনা থাকে।
টাঙ্গুয়ার হাওরপাড়ের রংচী গ্রামের কৃষক মোহাম্মদ আলী বলেন, এ বছর হাওরপাড়ের কৃষকেরা বোরো ফসল নিয়ে চিন্তিত। একদিকে হাওরের পানি আগাম কমে যাচ্ছে, অন্যদিকে প্রান্তিক চাষিরা এখনো প্রণোদনার কোনো সহায়তা পাননি। এর মধ্যে হাওরের ফসল রক্ষা বাঁধের প্রাক্-কাজের জরিপ অক্টোবর মাস পেরিয়ে গেলেও শুরু হয়নি। অথচ আগের বছরগুলোতে ১৫ সেপ্টেম্বর থেকেই হাওরে হাওরে এ জরিপ শুরু হতো।
মধ্যনগর পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক গোলাম জিলানী বলেন, এ বছর হাওরের পানি দ্রুত কমে যাওয়ায় গত বছরের তুলনায় প্রায় ১৫ দিন আগেই বীজ বপন শুরু হয়েছে। আগামী ছয়-সাত দিনের মধ্যেই বীজ ধান বপনের কাজ শেষ হয়ে যাবে। অথচ প্রান্তিক কৃষকেরা এখনো প্রণোদনার বীজ পাননি। আগের বছরগুলোতেও সময়মতো বীজ না পাওয়ায় কৃষকদের তেমন কাজে আসেনি। এবার পেলেও তা কাজে আসবে না।
বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন বলেন, এ বছর হাওরের পানি আগাম কমে যাওয়ায় কৃষকেরা কার্তিক মাসের প্রথম সপ্তাহ থেকেই বাজার থেকে বীজ ধান কিনে বপন শুরু করেছেন। প্রান্তিক কৃষকেরা যাতে দ্রুত প্রণোদনার বীজ ধান পান, সে জন্য উপজেলা কৃষি কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছি।
মধ্যনগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসয়াদ বিন খলিল রাহাত জানান, বিষয়টি আমরা আমাদের উপপরিচালক (ডিডি) স্যারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। এ বছর দ্রুত পানি শুকিয়ে যাওয়ায় কৃষকদের জন্য জরুরি ভিত্তিতে বীজের প্রয়োজন দেখা দিয়েছে। দ্রুত বীজ সরবরাহের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করছেন। ইতোমধ্যে অনেক এলাকায় প্রণোদনার সরিষার বীজ বিতরণ করা হলেও আমরা এখনো তা পাইনি।
তবে আশা করছি, অল্পসংখ্যক হলেও ধানের বীজের প্রণোদনা পাওয়া যাবে। যদিও এ বিষয়ে এখনো কোনো নিশ্চিত আশ্বাস পাওয়া যায়নি। প্রণোদনার বীজ বরাদ্দ পেলে আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে পাওয়ার আশা করছি। তবে আমরা বীজ পাব না, এমন কোনো সিদ্ধান্ত বা তথ্যও এখন পর্যন্ত আমাদের জানানো হয়নি।
ভোরের আকাশ/রই