অপহৃত প্রবাসী উদ্ধার, ফতুল্লায় ওসিকে আদালতের শোকজ

নারায়ণগঞ্জের ফতুল্লায় দুবাই ফেরত এক প্রবাসীকে অপহরণ, স্বর্ণ ও নগদ টাকা লুট এবং ১০ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লা মডেল থানার ওসিকে শোকজ করেছেন আদালত। একই সঙ্গে মামলাটি সরাসরি এফআইআর হিসেবে রেকর্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (২৪ মে) নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এম সাইফুল ইসলাম এ আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, দুবাই ফেরত প্রবাসী বাবুকে গত ১৪ মে রাতে কাশীপুর ব্রিজ এলাকায় অস্ত্রের মুখে অপহরণ করে সাদ্দাম হোসেন, আকরাম প্রধানসহ কয়েকজন। এ সময় তার কাছ থেকে ৫ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট করা হয় এবং মুক্তিপণ হিসেবে আরও ১০ লাখ টাকা দাবি করা হয়।
আদালত ওসিকে তিন ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দিলেও নির্ধারিত সময়ে কোনো প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত অসন্তোষ প্রকাশ করে শোকজ করেন।
পরে চাপের মুখে পুলিশ অপহৃত প্রবাসীকে উদ্ধার করে। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। ফতুল্লা থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম বলেন, “ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। শোকজের বিষয়ে আমার কাছে কোনো আদেশ পৌঁছায়নি।”
ভোরের আকাশ/সু.পা