সিরাজগঞ্জে একসঙ্গে ৩ পুত্রসন্তানের স্বাভাবিক জন্ম দিলেন মা

সিরাজগঞ্জ পৌরশহরের সিরাজগঞ্জ সেন্ট্রাল হাসপাতাল কমপ্লেক্সে স্বাভাবিক প্রসবের মাধ্যমে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তানিয়া খাতুন নামে এক মা। নবজাতক তিনটি ও তাদের মা বর্তমানে সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ।
শনিবার (২৯ আগস্ট) সকাল ৯টার দিকে পৌর শহরের মুজিব সড়কে অবস্থিত সিরাজগঞ্জ সেন্ট্রাল হাসপাতাল কমপ্লেক্স হাসপাতালে এই তিন শিশুর জন্ম হয়।
জানাযায়, সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের রাঙালিয়াগাতী গ্রামের মোহাম্মদ আব্দুল্লাহ সেখের মেয়ে তানিয়া খাতুনকে সিজারিয়ান ডেলিভারির উদ্দেশ্যে সিরাজগঞ্জ সেন্ট্রাল হাসপাতাল কমপ্লেক্স হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে সিনিয়র নার্স মর্জিনা খাতুন পরীক্ষা-নিরীক্ষা করে জানান, তানিয়ার স্বাভাবিক প্রসবের সম্ভাবনা রয়েছে। পরে চিকিৎসক ও নার্সদের নিবিড় তত্ত্বাবধানে স্বাভাবিক প্রসবের মাধ্যমে পরপর তিনটি পুত্রসন্তানের জন্ম দেন তানিয়া খাতুন। একই সঙ্গে তিন সন্তানের আগমনে হাসপাতালেও তৈরি হয় আনন্দঘন পরিবেশ।
তানিয়া খাতুন রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকার মৃত আতাউর রহমানের ছেলে মো. ওবায়দুল্লাহ'র স্ত্রী। এই দম্পতির একটি কন্যাসন্তান রয়েছে। এবার একই সঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম হওয়ায় পরিবারে যেন আনন্দের নতুন অধ্যায় শুরু হয়েছে।
বর্তমানে মা ও তিন নবজাতক সিরাজগঞ্জ সেন্ট্রাল হাসপাতাল কমপ্লেক্সের ১০৫ নম্বর কক্ষে ভর্তি রয়েছেন।
সিরাজগঞ্জ সেন্ট্রাল হাসপাতাল কমপ্লেক্সের গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ ডা. আঞ্জুমানারা বকুল জানান, আজ সকালে স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিন পুত্রসন্তানের জন্ম হয়েছে। মা ও নবজাতকরা বর্তমানে সুস্থ আছেন এবং তাদের প্রয়োজনীয় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ভোরের আকাশ/ এনউব