বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: শিক্ষিকার মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা

বরগুনায় ডেঙ্গু বেড়েই চলছে। এরই মধ্যে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে, পাশাপাশি বাড়ছে আক্রান্তের সংখ্যাও।
বরগুনা সদর উপজেলার গুদিঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হাসিনা বেগম (৪৫) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ১০টায় মৃত্যুবরণ করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন একই বিদ্যালয়ের বাংলা শিক্ষিকা খায়রুন্নাহার। তিনি জানান, ডেঙ্গু শনাক্তের পর উন্নত চিকিৎসার জন্য হাসিনাকে রোববার ঢাকায় নেওয়া হয়েছিল।
বরগুনা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর জেলায় ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩১ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৪ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যার ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩,৬০৬।
এর মধ্যে বরগুনা সদরে ৩,১৭৯, পাথরঘাটায় ১৭৫, বামনায় ১১৪, তালতলীতে ৫৭, আমতলীতে ৪৩ এবং বেতাগীতে ৩৮ জন আক্রান্ত হয়েছেন। বর্তমানে ২২৪ জন হাসপাতালে চিকিৎসাধীন, যার মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে রয়েছেন ১৫০ জন।
বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাজকিয়া সিদ্দিকাহ বলেন, “ডেঙ্গু রোগীর সংখ্যা ব্যাপকভাবে বাড়ছে। আমরা সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি, তবে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে।”
ভোরের আকাশ/জাআ