রায়গঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের করা হয়।
র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইলিয়াস হোসাইন শেখ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হায়দার আব্বাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় ইউএনও আবদুল খালেক পাটোয়ারী বলেন, প্রবীণেরা পরিবার ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের অভিজ্ঞতা নতুন প্রজন্মের জন্য মূল্যবান। তাই প্রবীণদের সম্মান, নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে পরিবার ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।
বক্তারা প্রবীণদের প্রতি সম্মান, সহমর্মিতা ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে সমাজের সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
ভোরের আকাশ/সু.পা