শ্রীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চারা বিতরণ

বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আব্দুল আউয়াল ডিগ্রি কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। রবিবার সকালে উপজেলা বিএনপির আয়োজনে এ চারা বিতরণ করা হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেবের সভাপতিত্বে ও সদস্য সচিব খায়রুল কবির মন্ডল আজাদের সঞ্চালনায় চারা বিতরণ কাজের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপি'র সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডাঃ এস এস রফিকুল ইসলাম বাচ্চু।
অনুষ্ঠান উদ্বোধনকালে রফিকুল ইসলাম বাচ্চু বলেন, আগামী দিনের রাষ্ট্র নায়ক জননেতা তারেক রহমান বলেছেন তিনি সরকার গঠন করলে ১ বছরের মধ্যে ২ কোটি গাছের চারা রোপন করবেন। আপনারা লক্ষ্য করবেন আমরা ইতিমধ্যেই জনকল্যাণমুখী কাজ করে যাচ্ছি। আমরা ঢাকায় মিছিল বাতিল করে খাল পরিস্কার কর্মসূচি পালন করছি, জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করছি,স্কুল কলেজ মাদরাসা ও সামাজিক প্রতিষ্ঠানে গাছের চারা রোপন করছি। জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করার চেষ্টা করছি। যাতে জনগণ বুঝতে পারেব, বিএনপি জনগণের কল্যাণে কাজ করে।
তিনি বলেন, আপনারা জানেন গত জুলাই গনঅভ্যুত্থানের পরে রাজনীতিতে একটি বড় ধরনের পরিবর্তন এসেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বনির্ভর বাংলাদেশ গড়তে কাজ করেছেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন, আর আমাদের নেতা তারেক রহমান বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেন। সে গুলোরই অংশ এসব কাজ।
আমরা চাই না কেন স্বৈরাচার ফ্যাসিবাদী শাসক এ দেশে আবার আসুক। একটি জনকল্যাণমুখী সরকার তারেক রহমানের নেতৃত্বে এদেশে প্রতিষ্ঠিত হবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এসএম মাহফুল হাসান হান্নান, মোসলেম উদ্দিন মৃধা, এড. জাফর আব্দুল আওয়াল ডিগ্রি কলেজের প্রিন্সিপাল, শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা।
ভোরের আকাশ/জাআ