মিথ্যা ও অপতথ্যকে প্রশ্রয় নয়, সঠিক তথ্য তুলে ধরুন: আতিকুর রহমান রুমন

সাংবাদিকদের সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেছেন, মিথ্যা ও অপতথ্যকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া উচিত নয়।
শুক্রবার(২১আগস্ট) সকালে বগুড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) আয়োজিত নওগাঁ জেলার সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আতিকুর রহমান রুমন বলেন, বিএনপি সরকার বরাবরই স্বাধীন সাংবাদিকতাকে উৎসাহিত করে। সরকার চায়, সাংবাদিকরা প্রকৃত তথ্য ও সঠিক চিত্র তুলে ধরবেন। সরকারের কোনো কাজে ত্রুটি থাকলে সে বিষয়ে গঠনমূলক সমালোচনা করার অধিকার সাংবাদিকদের রয়েছে। তবে কেউ কেউ তা না করে পুরো কাজকেই নেতিবাচকভাবে উপস্থাপন করেন। এর ফলে অনেক ভালো কাজও বাস্তবায়ন করা যায় না।
তিনি আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির বিরুদ্ধে অনেক পত্রিকায় ধারাবাহিকভাবে মিথ্যা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। দলকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা হয়েছে। কিন্তু বিএনপি কখনোই প্রতিহিংসার রাজনীতি করে না।
গাক-এর উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় নওগাঁ জেলার ৩০ জন সাংবাদিক অংশ নিয়েছেন। গাক-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন ক্যাপস্টোন ফেলো-এনডিসির সভাপতিত্বে প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শফি মাহমুদ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ড. মো. মোজাম্মেল হোসেন বকুল এবং ঢাকা পোস্টের হেড অব নিউজ মিডিয়া আরিফুল ইসলাম আরমানসহ সিনিয়র সাংবাদিকরা প্রশিক্ষণ প্রদান করছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাক-এর সিনিয়র পরিচালক ড. মো. মাহবুব আলম, উপপরিচালক মো. আরমান হোসেন, ট্রেনিং কো-অর্ডিনেটর মো. কবির উদ্দীন এবং সহকারী পরিচালক মো. জিয়া উদ্দিন সরদার।
ভোরের আকাশ/ এনউব