কালিয়ায় মানসুর হত্যার আসামী হাসিব মোল্লার আত্মসমর্পন

কৃষক মানসুর মোল্লা হত্যার ঘটনায় মূল আসামি হিসেবে অভিযুক্ত হাসিব মোল্লা (২০) কালিয়া থানায় এসে আত্মসমর্পণ করেছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তিনি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।
হাসিব মোল্লা নড়াইলের কালিয়া উপজেলার কদমতলা গ্রামের লিপটন মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কদমতলা গ্রামের ত্রিমোহনায় জুয়েলের দোকানের সামনে মানসুর মোল্লা ও নূর ইসলাম অবস্থান করছিলেন। এ সময় পীরোলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য কাসেদ মোল্লাকে কেন মারধর করা হয়েছিল, তা নিয়ে হাসিব মোল্লার কাছে জানতে চাওয়া হয়। এ নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়।
একপর্যায়ে হাসিবের কাছে থাকা একটি চাকু দিয়ে মানসুর মোল্লা ও নূর ইসলামকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয় বলে অভিযোগ উঠেছে। পরে হাসিব সেখান থেকে পালিয়ে যান।
গুরুতর আহত মানসুর মোল্লাকে স্থানীয়রা চিকিৎসার জন্য খুলনার দিকে নিয়ে যাচ্ছিলেন। পথে কদমতলা গ্রামের ঈদগাহের কাছে পৌঁছালে তাঁর মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী।
ভোরের আকাশ/সু.পা