ডোমারে ইয়াবাসহ যুবক আটক

নীলফামারীর ডোমার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. স্বপন মিয়া (২১) নামে এক যুবককে আটক করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার দক্ষিণ কেতকিবাড়ী শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে এ অভিযান চালানো হয়।
বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাবিলদার মো. রেজোয়ান রেজার নেতৃত্বে কেতকিবাড়ী বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ৭৮৮/৫-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তি মোটরসাইকেলযোগে সেখানে এলে বিজিবি সদস্যরা তাকে থামার সংকেত দেন। তখন তিনি মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।
আটক স্বপন মিয়া ডোমার উপজেলার দক্ষিণ কেতকিবাড়ী গ্রামের মো. আব্দুস সালামের ছেলে।
পরে তার দেহ তল্লাশি করে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। উদ্ধার করা মাদক ও মোটরসাইকেলের আনুমানিক মূল্য ৭৫ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, উদ্ধার করা মাদক, মোটরসাইকেল ও আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ডোমার থানায় হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/সু.পা