নওগাঁর মহাদেবপুরে কাস্তে হাতে মাঠে এমপি

নওগাঁর মহাদেবপুরে শ্রমিক সংকটে পড়া এক কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ফজলে হুদা বাবুল।
শনিবার (১৬ মে) সকালে উপজেলার চেরাগপুর ইউনিয়নের গোপালতলা মোড় এলাকায় গিয়ে কাস্তে হাতে মাঠে নামেন তিনি। এ সময় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে স্থানীয় কৃষক আলম হোসেনের দেড় বিঘা জমির ধান কাটেন এবং তা মাথায় করে কৃষকের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন।
সাধারণত জনসভার মঞ্চে চেনা রাজনৈতিক নেতাদের এভাবে রোদে পুড়ে ধান কাটতে দেখে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
উজ্জ্বল নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, “নেতাদের আমরা সব সময় মঞ্চেই দেখি। কিন্তু আজ একজন এমপিকে সরাসরি মাঠে নেমে কৃষকের সঙ্গে ধান কাটতে দেখে সত্যিই ভালো লেগেছে।” আরেক বাসিন্দা বিশু বলেন, “শুধু বক্তব্য না দিয়ে মাঠে নেমে কাজ করলে তা মানুষের মনে থাকে। এতে কৃষকরাও সাহস পান।”
ভুক্তভোগী কৃষক আলম হোসেন তাঁর প্রতিক্রিয়ায় সমকালকে বলেন, “গত ৮-১০ দিন ধরে শ্রমিক না পাওয়ায় জমি থেকে ধান কাটতে পারছিলাম না। ঝড়-বৃষ্টির দিনে ধান নষ্ট হওয়ার আশঙ্কায় রাতে ঘুম আসছিল না। হঠাৎ এমপি সাহেব নেতাকর্মীদের নিয়ে এসে আমার ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন। আমি তাঁদের প্রতি কৃতজ্ঞ।”
ধান কাটা শেষে সংসদ সদস্য ফজলে হুদা বলেন, “মহাদেবপুর ও বদলগাছী দুই উপজেলায় কৃষক দলের উদ্যোগে এই ধান কাটা কর্মসূচি চলছে। বিশেষ করে বিধবা, এতিম ও অসচ্ছল কৃষক—যারা শ্রমিক বা আর্থিক সংকটে ভুগছেন, তাঁদের পাশে দাঁড়ানোর জন্য নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “কৃষকরা দেশের অর্থনীতির প্রাণশক্তি, তাই তাঁদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। কৃষক যাতে উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পান, সে জন্য সরকার নানা উদ্যোগ নিয়েছে। কৃষকদের জন্য কৃষক কার্ড দেওয়া শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর ফলে কৃষকরা সরাসরি লাভবান হবেন।”
সকালে সংসদ সদস্য নিজেই জমিতে ধান কাটতে নামলে স্থানীয় উৎসুক মানুষ ভিড় জমান। উপস্থিত অনেকেই এই ব্যতিক্রমী দৃশ্য মোবাইলফোনে ধারণ করেন।
ভোরের আকাশ/ র.ই