ফেনীতে গণভোটের প্রচারে ইমাম সম্মেলন

‘গণভোট ২০২৬ সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে’ এই স্লোগানকে সামনে রেখে ফেনীতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে বিশাল ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় ফেনী সরকারি কলেজ অডিটোরিয়ামে ইসলামিক ফাউন্ডেশন ফেনী জেলা শাখার উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন ফেনী জেলা শাখার উপ-পরিচালক মো. নাজমুস সাকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মনিরা হক।
ফিল্ড অফিসার মাসুদ রানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম, জেলা নির্বাচন কর্মকর্তা নাজিম উদ্দীন এবং জেলা তথ্য কর্মকর্তা আল আমিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, আল ফালাহিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ নুর মোহাম্মদ, শশ্বদী জামিয়াতুল দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা ইসমাইল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মনিরা হক বলেন, গণভোটের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সাধারণ মানুষের কাছে তুলে ধরা আমাদের সবার দায়িত্ব। সংবিধান সংস্কারের বিষয়ে গণভোটে ‘হ্যাঁ’ দিলে কী হবে এবং ‘না’ দিলে কী পরিণতি—এসব বিষয়ে জনগণকে পরিষ্কার ধারণা দিতে হবে। ইমামরা সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই আপনাদের মাধ্যমেই গণভোটের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়া সম্ভব।
সম্মেলনে ফেনী জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৭৫০ জন ইমাম অংশগ্রহণ করেন। বক্তারা আসন্ন নির্বাচন ও গণভোটে সাধারণ মানুষকে কেন্দ্রমুখী করতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
শেষে ফেনী জেলা ইমাম সমিতির সভাপতি মো. ইয়াছিনের বিশেষ মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।
ভোরের আকাশ/র.ই