আমাদের সামনে জিয়া-খালেদা জিয়ার উত্তরাধিকার হিসেবে তারেক রহমান ছাড়া আর কোন বিকল্প নাই

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা, সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন (এমপি) বলেছেন, আমাদের দেশের সমস্ত উৎপাদনের সম্ভাবনাকে যদি আমরা কাজে লাগাতে চাই সর্বোচ্চ পণ্য উৎপাদন করে যদি বৈদেশিক মুদ্রা অর্জন করতে চাই, তাহলে আমাদের সামনে জিয়া-খালেদা জিয়ার উত্তরাধিকার হিসেবে তারেক রহমান ছাড়া আর কোন বিকল্প নাই।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে বরিশালের গৌরনদীতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
সংগঠনের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গৌরনদী উপজেলা পৌর বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মুকুল।
গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী পৌর বিএনপির আহবায়ক মোঃ জাকির হোসেন শরীফ, পৌর বিএনপি’র সদস্য সচিব শরীফ শফিকুর রহমান স্বপন, বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুর আলম খান সেন্টু।
বক্তব্য রাখেন, গৌরনদী পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুজ্জামান খোকন, গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাসলিমা বেগম, গৌরনদী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মিজানুর রহমান পান্নু,গৌরনদী উপজেলা যুবদলের সদস্য সচিব মনির হোসেন মাষ্টার, গৌরনদী পৌর যুবদলের আহ্বায়ক মোঃ জাকির হোসেন বাচ্চু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন মোল্লা, পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক হীরা রহমান সাদ্দাম, সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর হাসান তানিম প্রমূখ।
আলোচনা সভায় অসংখ্য বক্তার বক্তব্য শেষে মাগরিবের আজানের পূর্বক্ষনে প্রধান অতিথির বক্তব্য দিতে দাঁড়িয়ে মন্ত্রী আরো বলেন, আমাদের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে আইনের নামে যে প্রহসন করা হয়েছে, আমাদের দল বিচার ব্যবস্থাকে ন্যূনতমভাবে প্রভাবিত করতে চায়না। জুলাই আন্দোলনে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যারা হত্যাকান্ড দেখেছে এবং ওই হত্যার অডিও রেকর্ড এবং সেই সমস্ত সাক্ষ্য প্রমানের ভিত্তিতেই অপরাধীদের বিচার করা হবে । অপরাধীদের মধ্যে যদি কেউ দেশে বাইরে পালিয়ে থাকতে চান, যেদিন সর্বশক্তিমানের ডাকে এই ধরনের পলাতক আসামিরা দুনিয়া থেকে বিদায় নিবেন, তখন জীবিত অবস্থায় আইনের ভয়ে আসলেন না মৃত অবস্থায় কি করবেন তা আমরা জানি না।
আপনারা দোয়া করবেন আমি যেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশকে পরিবর্তন করে একটি আধুনিক সময়োপযোগী বাংলাদেশ তৈরি করার কাজে একজন সহযোগির দায়িত্ব পালন করতে পারি। রাজনীতি আমার কাছে এবাদত। আমি জানি আমিসহ সকল মানুষের মৃত্যু আল্লাহ পাক নির্ধারিত করে রেখেছেন। আমার চেহারা একটি। সারা জীবন যেন একই চেহারা নিয়ে থাকতে পারি।
তিনি আবেগ তাড়িত হয়ে বলেন, ১৯৯৩ সালে বিএনপিতে যোগ দিয়ে এখানে এসে আমি যে কথা বলেছিলাম, আজো আমি সেই কথা বলে গেলাম। দোয়া করবেন আমার জানাজা পড়তে যেদিন যাবেন তার আগ পর্যন্ত ও যেন একই অবস্থানে থাকতে পারি। উপদেষ্টা পদে আছি, নাকি চেয়ারম্যানের উপদেষ্টা, প্রধানমন্ত্রী উপদেষ্টা, সংসদীয় কমিটির চেয়ারম্যান (মন্ত্রী মর্যাদা) এটা আমার কাছে বিবেচ্য নয়। আমি আপনাদের জহির উদ্দিন স্বপন এই পরিচয়ই যথেষ্ট। যেকোনো মূল্যে বাংলাদেশে জুলাই শহীদসহ সকল শহীদের রক্তের মর্যাদাকে আমরা প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাল্লাহ।
ভোরের আকাশ/এনএস