কুড়িগ্রামে দেখা মিলল ৪ পা-ওয়ালা বকের

কুড়িগ্রামের ফুলবাড়ীতে দেখা মিলেছে চার পা-ওয়ালা একটি কানি বকের। বকটির দুইটি পা স্বাভাবিক থাকলেও অতিরিক্ত দুটি পা তুলনামূলকভাবে ছোট আকৃতির। উপজেলার বালাটারি গ্রামের হাড়িপাতিল ব্যবসায়ী আব্দুর রশিদ পুকুর পাড় থেকে বকটি ধরে আনেন।
স্থানীয়রা জানান, গত বুধবার প্রতিদিনের মতো আব্দুর রশিদ গ্রামে গ্রামে হাড়িপাতিল ফেরি করে বাড়ি ফিরছিলেন। হঠাৎ তিনি দেখতে পান, একটি কানি বক পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে লক্ষ করেন, বকটির চারটি পা! পরে কৌশলে নিজ হাতে বকটি ধরে বাড়িতে এনে একটি খাঁচায় বন্দি করে রাখেন।
চার পা-ওয়ালা এই বিরল বকটি দেখতে প্রতিদিন আব্দুর রশিদের বাড়িতে ভিড় করছেন উৎসুক জনতা।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, “জীবনে অনেক বক দেখেছি, কিন্তু চার পা-ওয়ালা বক কখনও দেখিনি। সবই আল্লাহ পাকের ইচ্ছা।”

আব্দুর রশিদ বলেন, “বকটিকে প্রথমে দেখে আমি অবাক হয়ে যাই। কৌতূহল থেকে সেটিকে কৌশলে ধরে খাঁচায় রেখেছি। প্রতিদিন বাজার থেকে মাছ কিনে এনে খাওয়াচ্ছি, যত্ন নিচ্ছি বকটির।”
ফুলবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক বলেন, “এটি একটি দেশি প্রজাতির প্রজাপতি বক। স্থানীয়ভাবে কানি বক নামে পরিচিত। এটি একটি জন্মগত ত্রুটির কারণে চার পা নিয়ে জন্মেছে।”
ভোরের আকাশ/তা.কা