সিদ্ধিরগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সৎ বাবার বিরুদ্ধে ১৪ বছর বয়সী এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে উঠেছে।
এ ঘটনায় কিশোরীর সৎ বাবা মো. মহসিন (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) সকালে নিমাইকাশারী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মহসিন কুমিল্লা জেলার দেবিদ্বার থানার বল্লবপুর এলাকার মো. ময়নাল হোসেন ওরফে মনু মিয়ার ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকায় আনিছুর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন।
জানা যায়, ভুক্তভোগী কিশোরীর বাবা মারা যাওয়ার পর তার মা দ্বিতীয় বিয়ে করেন। প্রায় দুই বছর আগে কিশোরীকে তার মা নিজের কাছে নিয়ে আসেন। এরপর থেকে সে মা ও সৎ বাবার সঙ্গে বসবাস করে আসছিল।
মামলার এজাহারে কিশোরীর দত্তক ভাই মো. নাঈম মিয়া অভিযোগ করেন, প্রায় এক মাস ধরে সৎ বাবা মহসিন ভয়ভীতি দেখিয়ে কিশোরীকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে আসছিলেন।
গত মঙ্গলবার ( ২৫ আগস্ট) বিকেলে কিশোরীর মা কাজের উদ্দেশ্যে বাড়ির বাইরে যায়। এসময় বাসায় কেউ না থাকার সুযোগে মহসিন আবারও কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে কিশোরী বিষয়টি তার দত্তক পরিবারের সদস্যদের জানায়।
পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় সিদ্ধিরগঞ্জ থানায় গিয়ে সৎ বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পরে এ ঘটনায় মামলা করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, ভুক্তভোগীর ভাইয়ের অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। মামলার পর অভিযান চালিয়ে অভিযুক্ত মহসিনকে গ্রেপ্তার করা হয়।
ভোরের আকাশ/রই