সখীপুরে মায়েদের স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা

টাঙ্গাইলের সখীপুরে বাংলাদেশ গুডনেইবারস সিডিপির উদ্যোগে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় আয়োজিত এ কর্মশালায় ঋতুস্রাবকালীন স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়াও কর্মশালায় ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি মেনে চলা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, পরিষ্কার ও নিরাপদ স্যানিটারি প্যাড ব্যবহার, নির্দিষ্ট সময় পর প্যাড পরিবর্তন এবং ব্যবহৃত প্যাডের সঠিক নিষ্পত্তি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি এ সময়ে স্বাস্থ্যসম্মত অভ্যাস অনুসরণ এবং নিজের শরীরের যথাযথ যত্ন নেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।
পাশাপাশি ঋতুস্রাব নিয়ে প্রচলিত কুসংস্কার, ভুল ধারণা ও সামাজিক সংকোচ দূর করে মেয়েদের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। ঋতুস্রাব নারীদের স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া এ বিষয়ে সঠিক ধারণা ছড়িয়ে দেওয়া এবং পরিবার ও সমাজে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার বিষয়েও আলোচনা করা হয়।
গুডনেইবারস সখীপুর সিডিপির ম্যানেজার খায়রুল ইসলামের সভাপতিত্বে সচেতনতামূলক আলোচনা সভা ও কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামছুল হক।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. মোহাম্মদ মামুন, সমবায় কর্মকর্তা নিগার সুলতানা গুডনেইবারস সিডিপিতে কর্মরত কর্মকর্তাবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ প্রমুখ। উক্ত কর্মশালায় দুই শতাধিক মা অংশগ্রহণ করেন।
ভোরের আকাশ/সু.পা