সিদ্ধিরগঞ্জে মেঘনা পেট্রোলিয়াম ডিপোতে প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত মেঘনা পেট্রোলিয়াম কর্পোরেশনের জ্বালানি তেল ডিপোতে আকস্মিক পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১১টা ৩৫ মিনিটে তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডের এসও এলাকায় অবস্থিত ডিপোতে পৌঁছান। এ সময় তিনি ডিপোর সার্বিক কার্যক্রম, ব্যবস্থাপনা ও তেলের মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
জানা যায়, চট্টগ্রাম থেকে পাইপলাইনের মাধ্যমে সরাসরি মেঘনা ডিপোতে জ্বালানি তেল সরবরাহ করা হয়। এছাড়া লাইটার জাহাজের মাধ্যমে চট্টগ্রাম থেকে বিমানের জেট ফুয়েল পদ্মা ডিপোতে আনা হয়। সিদ্ধিরগঞ্জের পদ্মা ও মেঘনা ডিপো এবং ফতুল্লার মেঘনা ও যমুনা ডিপো থেকে ঢাকা বিভাগের ১৩টি জেলাসহ কুমিল্লা জেলা ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় জ্বালানি তেল সরবরাহ করা হয়ে থাকে।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী জ্বালানি তেল সরবরাহকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং সরবরাহ প্রক্রিয়ায় কোনো ধরনের প্রতিবন্ধকতা বা হয়রানি রয়েছে কিনা তা জানতে চান। একই সঙ্গে তিনি জ্বালানি তেলের অবৈধ লেনদেন বন্ধে সংশ্লিষ্টদের সতর্ক করেন।
তিনি বলেন, চোরাইভাবে জ্বালানি তেল সরবরাহ, ক্রয়-বিক্রয় বা মজুদের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিদর্শন শেষে বেলা সাড়ে ১২টার দিকে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক জানান, প্রতিমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনের সময় জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।
তবে এ বিষয়ে জানতে মেঘনা ডিপোর ইনচার্জ মাহবুবুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
ভোরের আকাশ/ র.ই