ঢাকা-সিলেট মহাসড়কে জমি অধিগ্রহণ, ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পে জমি অধিগ্রহণের ক্ষেত্রে ন্যায্য মূল্য ও যথাযথ ক্ষতিপূরণের দাবিতে হবিগঞ্জের মাধবপুরে মানববন্ধন করেছেন ভূমিমালিক ও স্থানীয় বাসিন্দারা।
রোববার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার নোয়াপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার ভূমিমালিক, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। বক্তব্য দেন মাসুম বিল্লাহ, হাজী শফিকুল ইসলাম, শাওন মিয়া ও হুমায়ুন আহমেদসহ অন্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীত হলে দেশের যোগাযোগব্যবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে। তবে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত মানুষ যেন ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে হবে।
তারা বলেন, ভূমি অধিগ্রহণের কারণে অনেক পরিবার বসতভিটা, কৃষিজমি ও ব্যবসাপ্রতিষ্ঠান হারানোর ঝুঁকিতে পড়েছেন। জমির প্রকৃত বাজারমূল্য অনুযায়ী ক্ষতিপূরণ পাওয়া নিয়ে তাদের মধ্যে উদ্বেগ রয়েছে। তাই অধিগ্রহণ করা জমির ন্যায্য মূল্য নির্ধারণ ও দ্রুত ক্ষতিপূরণ পরিশোধের দাবি জানান তারা।
ক্ষতিগ্রস্ত ভূমিমালিকরা বলেন, তারা মহাসড়ক উন্নয়ন প্রকল্পের বিরোধিতা করছেন না। উন্নয়নের পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার ও স্বার্থ রক্ষার দাবি তাদের। যথাযথ মূল্য ও ক্ষতিপূরণ নিশ্চিত না হলে অনেক পরিবার আর্থিক ও সামাজিকভাবে ক্ষতির মুখে পড়তে পারে।
মানববন্ধন থেকে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত, প্রকৃত বাজারমূল্যের ভিত্তিতে ক্ষতিপূরণ নির্ধারণ এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানানো হয়।
ভোরের আকাশ/ এনউব