গাজীপুরে ইবনে সিনা কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড নামের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম।
তিনি জানান, শনিবার বিকেল ৪টা ৩৫ মিনিটের দিকে গাজীপুরের সফিপুর এলাকার দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড নামের একটি কারখানায় আগুন লাগে। ছয়তলা ভবনের নিচতলায় স্টোরে আগুন দেখতে পেয়ে সোয়া চারটার দিকে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।
খবর পেয়ে প্রথমে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ৪টা ৪০ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও গাজীপুর চৌরাস্তা ফায়ার সার্ভিসের আরো ২টি ইউনিটসহ মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু।
৬টি ইউনিটের প্রায় এক ঘন্টার চেষ্টায় বিকেল ৫টা ৩৫মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ ও হতাহতের তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
ভোরের আকাশ/আ.র