চকরিয়ায় ডাকাতের বাড়ি থেকে অস্ত্র ও কার্তুজ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় একটি দেশীয় তৈরি এলজি ও ১৭টি শর্টগানের তাজা কার্তুজ উদ্ধার করেছে র্যাব -১৫। র্যাবের তৎপরতা টের পেয়ে সাইফুল নামের এক ডাকাত পালিয়ে যায়।
পলাতক উপজেলার ডুলাহাজারা ইউপির বালুরচর এলাকার মৃত বাহার উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম প্র. পুতু (৪৫)।
শুক্রবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ষোলহিচ্ছা বালুরচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব -১৫ এর সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) এই র্যাব কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত এবং ১০টিরও অধিক মামলার পলাতক আসামি শীর্ষ ডাকাত সাইফুল ইসলাম প্র. পুতু তার বসতঘরে অস্ত্র মজুত রেখেছে— এমন গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে র্যাবের উপস্থিতি টের পেয়ে সাইফুল ইসলাম পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে র্যাব সদস্যরা পলাতক আসামির স্ত্রী শাহীন সুলতানার সহায়তায় ঘর তল্লাশি করেন। স্থানীয় স্বাক্ষীদের উপস্থিতিতে বাঁশের বেড়া ও টিনের ছাউনি দেওয়া তালাবদ্ধ ঘর খুলে তল্লাশি চালানো হয়। এসময় কাঠের আলমারির ভেতর বিশেষ কায়দায় লুকানো ১টি দেশীয় তৈরি এলজি এবং ১৭টি শর্টগানের তাজা শিসা কার্তুজ উদ্ধার করা হয়। পরে এসব জব্দ করে র্যাব-১৫ ক্যাম্পে নেওয়া হয়।
র্যাব কর্মকর্তা আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।
ভোরের আকাশ/মো.আ.