ঈদে সরকারি বরাদ্দের ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা বিতরণের হিসাবের তালিকা প্রকাশ করেছে ওই আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
মঙ্গলবার (২৪ মার্চ) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি এবং ‘জবাবদিহিতা’ পেজে দেওয়া পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
এতে হাসনাত আব্দুল্লাহ জানান, উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১৪৪টি ওয়ার্ডে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। তবে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার জন্য এনআইডি নম্বর ও মোবাইল নম্বর ঢেকে রাখা হয়েছে। প্রশাসনিক অনুসন্ধানের জন্য যেকোনো তথ্য উন্মুক্তযোগ্য রাখা হয়েছে।
তিনি জানিয়েছেন, নির্ধারিত তালিকার ভিত্তিতে এক হাজার জন মানুষকে নগদ এক হাজার টাকা করে, মোট ১০ লাখ টাকা দেওয়া হয়েছে। এছাড়া ৫০০ জনকে ঈদ সামগ্রী সরাসরি পৌঁছে দেওয়া হয়েছে।
পোস্টে কুমিল্লা-৪ আসনের এই এমপি বলেন, যেহেতু একই সঙ্গে তালিকা করা হয়েছে, সেজন্য পুরো তালিকাই উন্মুক্ত করা হলো। সহায়তা বিতরণের ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হয়নি এবং মূল লক্ষ্য ছিল প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়া।
পোস্টে তিনি উল্লেখ করেছেন, সব সুবিধাবঞ্চিত মানুষ এই বরাদ্দের আওতায় এসেছে কি না—এমন প্রশ্ন আসে। হাসনাত বলেন, সব সুবিধাবঞ্চিত মানুষ এই সহায়তার আওতায় আসেনি। সরকারি বরাদ্দ অর্থ সহায়তার আওতায় এসেছে মাত্র এক হাজার জন এবং ব্যক্তি উদ্যোগে আয়োজিত ঈদ সামগ্রীর আওতায় এসেছে ৫০০ জন। সুতরাং আপনার এলাকায় কোনো না কোনো সুবিধাবঞ্চিত মানুষ এখনও বাকি থাকতে পারে।
ভোরের আকাশ/নি