বেনাপোল সীমান্তে পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

যশোরের বেনাপোল সীমান্তের রঘুনাথপুর থেকে ২টি পিস্তল ৬ রাউন্ড গুলি সহ সাকিব হাসান (২২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব সদস্যরা ।
রোববার (১১ জানুয়ারি) সকাল ৭টার দিকে সাকিবের নিজবাড়িতে এসব অবৈধ ভারতীয় অস্ত্রসহ তাকে আটক করা হয়।
আটককৃত সাকিব হাসান বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের আসলাম আলীর ছেলে। শাকিবের প্রতিবেশী আব্দুল্লাহ বলেন, সে একটি সিএন্ডএফ এজেন্ডে চাকরি করে। গত শুক্রবার সে চুয়াডাঙ্গা থেকে আসার সময় এক্সিডেন্ট করে। সে অসুস্থ অবস্থায় বাড়িতে শুয়ে ছিল। এরপর আজ সকালে র্যাবের অনেক সদস্য এসে তার বাড়ি ঘিরে ফেলে বিছানার নিচে থেকে ২টি পিস্তল ৬ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগজিন উদ্ধার করে।
যশোর র্যাব -৬ এর আবুবক্কার সিদ্দিকিী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে অস্ত্র, গুলিসহ আটক করা হয়েছে। পরবর্তীতে মামলা দায়ের করে বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্টথানা ওসি আশরাফ হোসেন বলেন, র্যাব সদস্যরা একজনকে ২টি পিস্তল ৪টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলিসহ আটক করে থানায় সোপর্দ করেছে।
তথ্য বলছে, জাতীয় নির্বাচনে প্রভাব বিস্তারে বেনাপোল রুটে ভারত থেকে আসছে আগ্নেয়াস্ত্র। এর আগে গত বছরের ৯ আগস্ট যশোরের বেনাপোলের পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিনসহ আক্তারুল ইসলাম (৪০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক আক্তারুল ইসলাম পুটখালী গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা।
৩০ নভেম্বর যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের মধুগ্রাম এলাকা থেকে ৫টি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫০ রাউন্ড গুলি এবং ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ লিটন গাজী (৩৮) নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। ২৯ মে যশোরের শার্শা উপজেলার পাঁচভুলোট সীমান্ত এলাকা থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি খালি ম্যাগাজিন ও দুটি মোবাইল ফোনসহ দুইজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটককৃতরা হলেন- শার্শা থানার পাঁচভুলোট গ্রামের মৃত ইমামের ছেলে আব্দুল মজিদ (৪৮) ও একই গ্রামের রবিউল সরদারের ছেলে ইচ্ছা সরদার (৫০)। উভয়ের বাড়ি যশোরের শার্শা উপজেলায়।
ভোরের আকাশ/আ.ব