সিভিল সার্জন কার্যালয়ে নতুন চিকিৎসকদের নিয়ে এনসিডি বিষয়ক কর্মশালা

শেরপুর জেলার ৪ টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের নিয়ে সোমবার (২০এপ্রিল) সকাল ১০ টায় সিভিল সার্জন কার্যালয়ে সম্মেলন কক্ষে এনসিডি কর্ণারের মাধ্যমে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস-সহ অন্যান্য অসংক্রামক রোগের সেবাদান কার্যক্রম চলমান বিষয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কার্যক্রমটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) প্রোগ্রাম এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে।
কর্মশালায় সার্বিক সমন্বয়ের দ্বায়িত্বে ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোঃ আহসানুল হাবিব এবং সেশন পরিচালনার দ্বায়িত্বে ছিলেন বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কার্যক্রম, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ-এর ময়মনসিংহ বিভাগীয় প্রোগ্রাম অফিসার ডা. শৌভিক রায় ও বিভাগীয় সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. মো. আব্বাস ইবনে করিম।
প্রান্তিক জনগণের এনসিডি বিষয়ক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ও কার্যক্রমটিকে আরও কার্যকর, শক্তিশালী ও সুষ্ঠূভাবে পরিচালনা করার লক্ষ্যে নব-নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের এনসিডি বিষয়ক ২ দিনের ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে । আজ ১ম দিনের সেশনে ৪ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আগত ১৭ জন নব-নিয়োগপ্রাপ্ত চিকিৎসক এ ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। পরবর্তী সেশন আগামী ২৩ এপ্রিল ২০২৬ তারিখ অনুষ্ঠিত হবে যেখানে ৪ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১৬ জন চিকিৎসক অংশগ্রহণ করবেন।
উল্লেখ্য, জেলার ৪ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্ণারের মাধ্যমে মার্চ ২০২৬ পর্যন্ত ৭ হাজারেরও বেশি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস-এর রোগী ডিজিটাল এপ (সিম্পল এপ) এর মাধ্যমে নিবন্ধিত হয়েছেন, যাদের প্রায় ৬২ শতাংশ নিয়ন্ত্রণে রয়েছেন।
ভোরের আকাশ/এনউব