রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাটসহ মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় বাড়ির মালিক মো. তোতা মিয়া (৬৪), তার স্ত্রী রওশন আরা (৫০) ও মেয়ের জামাতা মো. আব্দুল মতিন (৩৬) আহত হয়েছেন।
উক্ত ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী তোতা মিয়া। গত শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ভিংরাব গ্রামে তোতা মিয়ার বসতবাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বসতবাড়ির সীমানায় গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। অভিযোগে বলা হয়, হামলাকারীদের বাধা দিতে গেলে তারা রড দিয়ে তোতা মিয়ার মাথায় আঘাত করেন। এ সময় তার স্ত্রী রওশন আরা ও মেয়ের জামাতা আব্দুল মতিনকেও মারধর করা হয়। এতে তিনজনই আহত হন।
এ ছাড়া হামলাকারীরা বাড়ির দরজা-জানালা ও দুটি গেট কুপিয়ে এবং ভাঙচুর করে ক্ষতিসাধন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ছাড়াও টাকা-পয়সা ও স্বর্ণলঙ্কার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়।
ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাদের মামলা-মোকদ্দমা করলে পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান বলে অভিযোগে বলা হয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় আহতরা রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।
ভুক্তভোগী তোতা মিয়া বলেন, তার বড় ছেলে ইতালি প্রবাসী। তিনি স্ত্রী ও ছোট ছেলেকে নিয়ে বাড়িতে বসবাস করেন। দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ও অত্যাচারের শিকার হলেও শান্তির কথা চিন্তা করে এতদিন সহ্য করেছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এ বিষয়ে রূপগঞ্জ থানার এসআই মো. আলিমুজ্জামান জানায়, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত চলমান রয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/ এনউব