সিরাজগঞ্জে ৮ মাদকসেবী আটক

মাদকমুক্ত সিরাজগঞ্জ গড়ার লক্ষ্যে পৌর শহরের রেলওয়ে কলোনী এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে আটজন মাদকসেবীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে স্থানীয়রা।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে দেড় মাস করে সাজা দেওয়া হয়েছে। শনিবার (২৭ জুন) দুপুরে পৌর শহরের রেলওয়ে কলোনী এলাকায় সদর থানা পুলিশের সহযোগিতা ও কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে মাদক নির্মূলের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নির্দেশনায় মাদকমুক্ত সিরাজগঞ্জ গড়ার লক্ষ্যে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
অভিযানের সময় কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পৌর এলাকার রেলওয়ে কলোনী এলাকায় মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করা হয়। পরে আটক হওয়া আটজনকে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আজকে দুপুরে মাদকসেবনের অভিযোগে আটজনকে আটক করা হয়েছে। এবং তাদের প্রত্যেককে দেড় মাস করে সাজা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। যারা মাদক খায় মাদক ব্যবসা করে তাদের সাথে কোন আপোষ নেই।
এই ধারাবাহিকতায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নির্দেশনায় আমি মাদকবিরোধী ক্যাম্পে করছি। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীরা সিরাজগঞ্জের শত্রু, দেশের শত্রু। মাদকের বিরুদ্ধে আমি মাঠে নেমেছি। এই ধারাবাহিকতায় আজকে পৌরসভার রেলওয়ে কলোনিতে আট মাদক সেবনকারীকে ধরে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।
এ সময় তাদের দেড় মাস করে সাজা দেওয়া হয়েছে।সিরাজগঞ্জে কোনো মাদক ব্যবসায়ী ও মাদকসেবীর স্থান হবে না। মাদকের কারণে যুবসমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। তাই সমাজকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ ছাড়া, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
স্থানীয়দের মতে, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান ও সামাজিক সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হলে যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা সম্ভব হবে।
ভোরের আকাশ/ র.ই