ময়মনসিংহ আইনজীবী সমিতি নির্বাচন
নির্বাচনে পূর্ণ প্যানেলে জয় ঐক্য পরিষদের

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যকরী কমিটির নির্বাচনে পূর্ণ প্যানেলে জয় পেয়েছে সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদ।
সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সবগুলো ১৫টি পদেই তাদের প্রার্থীরা বিজয়ী হয়ে সমিতিতে একক আধিপত্য প্রতিষ্ঠা করেছেন। শুক্রবার সকালে ভোট গণনা শেষে প্রিসাইডিং কর্মকর্তা অ্যাডভোকেট আবু রেজা বাবলু আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফল অনুযায়ী, সভাপতি পদে ৫৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট নূরুল হক। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এ কে এম আমান উল্লাহ বাদল পেয়েছেন ২১১ ভোট। সাধারণ সম্পাদক পদে সর্বোচ্চ ৭৩২ ভোট পেয়ে জয়ী হয়েছেন মমরুজুল হাসান জুয়েল। তাঁর প্রতিদ্বন্দ্বী এ টি এম মাহবুব উল আলম পেয়েছেন ৬০ ভোট।
এর আগে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১,০৩৮ জন ভোটারের মধ্যে ৮৪০ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, যা নির্বাচনে ব্যাপক অংশগ্রহণের চিত্র তুলে ধরে। রাতভর ভোট গণনা শেষে শুক্রবার সকালে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদ থেকে সহসভাপতি পদে মীর এমরান আলী পাপেল ও এ কে এম মইনুল হোসেন মিলন, সহসম্পাদক পদে সজীব সরকার রোকন, মোহাম্মদ আসাদুজ্জামান খান (জামান) ও রাইসুল ইসলাম, অডিটর পদে মোহাম্মদ শরিফুল ইসলাম সোহাগ এবং কার্যকরী সদস্য পদে সাবিকুন্নাহার লিপি, রিয়াদ মো. সাঈদ, রেজাউল কিবরিয়া (সোহাগ মণ্ডল), শাহীন আলম, জায়েদ বিন খলিল, মোহাম্মদ আলী ও সামির আল রশিদ বিপ্লব নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, এবারের নির্বাচনকে ঘিরে আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল। গত ১৫ এপ্রিল রিটার্নিং কর্মকর্তা অ্যাডভোকেট আব্দুল বারি ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন।
বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী বদর উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক প্রার্থী এমদাদুল হকও ছিলেন।
ভোরের আকাশ/ র.ই