সিটি করপোরেশনের দুই ট্রাকের মাঝে চাপা পড়ে কেসিসির গাড়ি চালকের মৃত্যু

খুলনা সিটি করপোরেশনের দুই ট্রাকের মাঝে চাপা পড়ে কেসিসির গাড়িচালক মো. আব্দুস সালাম মারা গেছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে নগরীর পাওয়ার হাউস মোড় সংলগ্ন কেসিসির গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অপর গাড়ির চালক বারেক গাজী পলাতক।
মৃত সালাম সোনাডাঙ্গা থানার ময়লাপোতা এলাকার মো. মেছের আলীর ছেলে। তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
কেসিসির চালক মো. সাফায়েত হোসেন জানান, বেলা সোয়া ১১টার দিকে বাইরে থেকে গাড়ি চালিয়ে গ্যারেজে প্রবেশ করেন বারেক। তিনি সালামকে গাড়ি সরিয়ে নিতে বললে সালাম তাকেই গাড়ি সরাতে বলেন। এরপর বারেক স্টার্ট দিলে গাড়িটি সামনের দিকে গিয়ে সালামকে ধাক্কা দেয়। দুই গাড়ির মাঝে চাপা পড়ে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সোনাডাঙ্গা থানার ওসি (তদন্ত) মো. মতিয়ার রহমান। তিনি জানান, মৃত চালকের পরিবার মামলা করতে চাইছে না। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক পলাতক চালক বারেককে আটক করা গেলে ঘটনার বিস্তারিত জানা যাবে।
সংবাদ পেয়ে কেসিসির প্রধান প্রকৌশলী মো. মশিউজ্জামান খানও ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, এটি একটি দুর্ঘটনা। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে।
ভোরের আকাশ/আ.র