নাটোর-১ আসনে বিএনপি'র মনোনয়ন পুনর্বিবেচনার দাবি

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) সংসদীয় আসনে বিএনপি'র মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি'র কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু'র সমর্থকেরা।
বুধবার (৫ই নভেম্বর) বিকেলে লালপুর উপজেলা ও গোপালপুর পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে গোপালপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ মাঠ থেকে একটি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের হয়ে গোপালপুর বাজার প্রদক্ষিণ করে রেলগেট এলাকার অবস্থান নেয়, এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা কিছুক্ষণ রেলগেট এলাকা অবরোধ করে রাখে।
এ সময় বিক্ষোভ মিছিল থেকে নেতাকর্মীরা আগামী শুক্রবারের মধ্যে মনোনয়ন প্রত্যাহার করে তাইফুল ইসলাম টিপুকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, গোপালপুর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম রানা।
ভোরের আকাশ/জাআ