খাগড়াছড়িতে নাগরিক অংশগ্রহণ ও সুশাসন জোরদারে সংলাপ

খাগড়াছড়িতে নাগরিক অংশগ্রহণ, সুশাসন ও উন্নয়ন কার্যক্রমে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয় জোরদারের লক্ষ্যে বহুপক্ষীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এতে নাগরিক সমাজের প্রতিনিধি, স্থানীয় সংগঠন, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টায় জেলা সদরের মিলনপুর এলাকার হিলটপ গেস্ট হাউসে এ সংলাপের আয়োজন করা হয়।
তৃণমূল উন্নয়ন সংস্থার ‘নাগরিকতা’ প্রকল্পের এম্পাওয়ারমেন্ট কার্যক্রমের আওতায় আয়োজিত এ সংলাপে সহযোগিতা করে সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং ইউরোপীয় ইউনিয়ন। নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ডের (সিইএফ) উদ্যোগে আয়োজিত এ সংলাপের মূল লক্ষ্য ছিল নাগরিক সমাজের সংগঠন (সিএসও), কমিউনিটি পর্যায়ের সংগঠন (সিবিও), সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান ও অন্যান্য অংশীজনের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার ক্ষেত্র শক্তিশালী করা।
সংলাপে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুষ্মিতা খীসা, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রোকেয়া বেগম, ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের প্রতিনিধি জান্নাতুল নাঈমসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হেডম্যান-কারবারি এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
এ সময় নাগরিক সমাজের সংগঠন, স্থানীয় পর্যায়ের কমিউনিটি সংগঠন, সরকারি দপ্তর ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় বাড়ানো এবং উন্নয়ন কার্যক্রমে সাধারণ মানুষের অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পায়।
আয়োজকদের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন তৃণমূল উন্নয়ন সংস্থার নাগরিকতা এম্পাওয়ারমেন্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শাশ্বতী দেওয়ান।
এ সংলাপে স্থানীয় উন্নয়ন পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা, সরকারি সেবাপ্রাপ্তিতে সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর যোগাযোগ গড়ে তুলতে এ ধরনের বহুপক্ষীয় সংলাপসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
ভোরের আকাশ/সু.পা