খাগড়াছড়িতে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক-সিগারেট জব্দ

খাগড়াছড়ির সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড তাজা গুলি, ভারতীয় মদ, গাঁজা ও সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২৬২/২৬-এস-এর কাছাকাছি এলাকা দিয়ে বিদেশি অস্ত্র ও ভারতীয় মাদক পাচারের সম্ভাব্য তথ্য পায় খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)। এর ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজীব এর সার্বিক দিকনির্দেশনায় সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে।
টহলদল মনোরমের টিলা টিওবি থেকে আনুমানিক দেড় কিলোমিটার পশ্চিমে এবং সীমান্ত পিলার ২৬২/২৬-এস-এর বরাবর প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জানমারাটিলা ডাউন এলাকায় পৌঁছে অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা দূর থেকে টহলদলের উপস্থিতি টের পেয়ে পাহাড়ি জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে শুক্রবার (২ অক্টোবর) রাত ১টা ৪৫ মিনিটে টহলদল জানমারাটিলা ডাউন এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি বস্তা উদ্ধার করে। বস্তাগুলো তল্লাশি করে একটি ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড তাজা গুলি, ভারতীয় বিভিন্ন ধরনের ৩১ বোতল মদ, ৪ দশমিক ৩ কেজি গাঁজা এবং ভারতীয় ‘মনো’ ব্র্যান্ডের ৪৭ কার্টন (৪৭০ প্যাকেট) সিগারেট জব্দ করা হয়।
জব্দ করা অস্ত্র ও মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৬১ হাজার ২৫০ টাকা। এর মধ্যে বিদেশি পিস্তলের মূল্য ১ লাখ টাকা, পাঁচ রাউন্ড গুলির ১ হাজার টাকা, ভারতীয় মদের ৪৬ হাজার ৫০০ টাকা, গাঁজার ১৫ হাজার ৫০ টাকা এবং সিগারেটের ৯৮ হাজার ৭০০ টাকা।
জব্দ করা মালামালের বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
ভোরের আকাশ/আ.র