ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের এমপি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ‘আমরা গত ১৭ বছর ফ্যাসিবাদ দেখেছি, অত্যাচার দেখেছি, অনাচার দেখেছি। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে ভ্রাতৃত্ববোধ থাকবে, সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে, ধর্মীয় সম্প্রীতি থাকবে এবং সবকিছুর ঊর্ধ্বে উঠে আমাদের সবচেয়ে বড় পরিচয় হবে আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের মানুষ। এর চেয়ে বড় পরিচয় আমাদের আর নাই।’
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের কৃষ্ণারডাঙ্গী সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শনকালে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
সভা পরিচালনা করেন নগরকান্দা উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল। পূজা কমিটির সভাপতি মদন গোপাল সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আফজাল হোসেন খান পলাশ ও নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন কৃষ্ণারডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক সুকুমার চন্দ্র সাহা।
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা প্রত্যেকেই সমান অধিকার নিয়ে বাঁচবো। কারো মধ্যে বৈষম্য থাকবে না। বৈষম্যহীন সমাজ হবে, বৈষম্যহীন রাষ্ট্র হবে। সমঅধিকার নিয়ে সবাই বাঁচবে, সেইরকম একটি বৈষম্যহীন সমাজ আমরা গড়তে চাই। দুর্গা পূজার আনন্দ সবাই যাতে ভাগাভাগি করে নিতে পারি, সারা জীবন আমরা এভাবে বাঁচতে পারি, সেই প্রত্যয় ব্যক্ত করছি।
তিনি আরও বলেন, আপনারা যখন আমার কাছে উন্নয়নের কথা বলেন, মন্দির সংস্কারের কথা বলেন, দাবি নিয়ে আসেন, তখন আমি সেটাকে কীভাবে সফল করব, বাস্তবায়ন করব সে চেষ্টা করি।
জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের একতা কামনা করে তিনি বলেন, উন্নয়নের ধারা শুরু হয়েছে। উন্নয়নের ধারা তখনই অটুট থাকবে, যখন ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আপনারা ঐক্যবদ্ধ থাকলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে অবশ্যই।
ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ বলেন, ফ্যাসিবাদের সময় আপনারা এমন উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গা পূজা করতে পারেন নাই।
এ সময় উপস্থিত ছিলেন নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আল ফাহাদ, নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসুল সামদানী আজাদ, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, রামনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাত্তার মন্ডল, সাধারণ সম্পাদক সালাম বেপারী প্রমুখ।
ভোরের আকাশ/এনএস