ঈশ্বরগঞ্জে ৩০০ প্রান্তিক কৃষকের মাঝে বোরো ধানের বীজ বিতরণ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রান্তিক কৃষকদের সহায়তা ও বোরো মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ব্রি-১০২ জাতের বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ বীজ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
টপ কেয়ার লিমিটেডের সহযোগিতায় কর্মসূচিটি আয়োজন করেন ঈশ্বরগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব নূরে আলম জিকু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ তুলে দেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
প্রধান অতিথির বক্তব্য ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, “আমাদের প্রান্তিক কৃষকরাই দেশের খাদ্য নিরাপত্তার প্রধান শক্তি। তারা মাঠে যে শ্রম দেন, তার ফলেই দেশের মানুষের খাবারের যোগান নিশ্চিত হয়। আজকের এই বীজ বিতরণ কোনো দান নয়—এটি কৃষকদের প্রতি আমাদের দায়িত্ববোধের একটি ছোট সহায়তা।”
তিনি আরও বলেন, “উন্নত জাতের বীজ ব্যবহারে উৎপাদন খরচ কমে এবং ফলন বৃদ্ধি পায়। তাই ব্রি-১০২ জাতের এই বোরো বীজ কৃষকদের হাতে তুলে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হিরা, আহসান পারভেজ, শরিফ আবেদীন জায়েদী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী টিপু, হায়দার আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রফিক উদ্দিন, জেলা যুবদলের সদস্য জিয়াউর রহমান প্রমুখ।
ভোরের আকাশ/এসএইচ