উল্লাপাড়ার তাঁতশিল্পে ঐতিহ্য সংকট, পেশা ছাড়ছেন কারিগররা

একসময় ভোরের আলো ফুটতেই মাকুর খটখট শব্দে মুখর হয়ে উঠত সিরাজগঞ্জের উল্লাপাড়ার তাঁতপল্লীগুলো। কিন্তু সেই চিরচেনা ছন্দে আজ নেমে এসেছে এক গভীর নীরবতা।
সুতা, রঙসহ তাঁতজাত কাঁচামালের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধিতে এখন অস্তিত্ব সংকটে পড়েছে এই অঞ্চলের ঐতিহ্যবাহী তাঁতশিল্প। লোকসানের বোঝা টানতে না পেরে ইতিমধ্যে উপজেলার প্রায় অর্ধেকের বেশি তাঁত বন্ধ হয়ে গেছে, আর শত শত কারিগর বাপ-দাদার পেশা ছেড়ে জীবিকার তাগিদে বেছে নিচ্ছেন ভিন্ন পথ।
স্থানীয় সূত্রে জানা গেছে, উল্লাপাড়ার বালশাবাড়ীসহ বিভিন্ন গ্রামে উৎপাদিত শাড়ি, লুঙ্গি ও গামছার কদর রয়েছে দেশজুড়ে। কিন্তু বর্তমান বাজার পরিস্থিতিতে এই শিল্প টিকিয়ে রাখাই দায় হয়ে পড়েছে। বিশেষ করে উপজেলার তাঁতসমৃদ্ধ বালশাবাড়ী এলাকার চিত্র আরও ভয়াবহ, সেখানে ইতিমধ্যেই প্রায় ৬০ শতাংশ তাঁতকল বন্ধ হয়ে গেছে। বাকি ৪০ শতাংশ তাঁতকল কোনো রকমে চালু থাকলেও উৎপাদন ব্যাহত হওয়ায় প্রতিনিয়ত লোকসান গুনতে হচ্ছে মালিকদের।
তাঁতিদের এই দুর্দশার পেছনে মূলত দুটি কারণ স্পষ্ট হয়ে উঠেছে—কাঁচামালের মূল্যবৃদ্ধি এবং বাজার মন্দা। বালশাবাড়ী এলাকার তাঁত মালিক হাসান আলী আক্ষেপ করে জানান, বাজারে সুতা ও রঙসহ কাঁচামালের দাম প্রায় তিনগুণ বেড়েছে। অথচ সেই অনুপাতে বাজারে কাপড়ের পাইকারি দাম পাওয়া যাচ্ছে না।
তিনি বলেন, "লোকসানের ঠেলায় এলাকার বেশিরভাগ তাঁতকলই আজ বন্ধ। আমরা যারা কয়েকটা তাঁত কোনোমতে চালু রেখেছি, তাও প্রায় বন্ধের উপক্রম হয়েছে এবং উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। এতে কারিগর ও মালিক উভয়কেই বড় লোকসান গুনতে হচ্ছে।"
আরেক তাঁতকল মালিক ইমান আলী জানান, "কাঁচামালের দাম অতিরিক্ত বাড়ার কারণে আমাদের নিয়মিত লোকসান হচ্ছে, ফলে কারিগরদেরও ঠিকমতো কাজ দেওয়া সম্ভব হচ্ছে না।"
উৎপাদন কমে যাওয়ায় দৈনিক মজুরির ওপর নির্ভরশীল সাধারণ তাঁত শ্রমিকদের কাজের সুযোগ সংকুচিত হয়ে পড়েছে। কাজ না থাকায় মালিকরাও ঠিকমতো মজুরি দিতে পারছেন না। ফলে সংসার চালাতে হিমশিম খাওয়া শত শত কারিগর বাধ্য হয়ে পৈতৃক পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছেন। অন্যদিকে, পুঁজি হারিয়ে দেউলিয়া হওয়ার পথে রয়েছেন স্থানীয় মহাজনেরা।
সংশ্লিষ্টদের মতে, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে উল্লাপাড়ার এই শতাব্দী প্রাচীন শিল্পটি পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে। ঐতিহ্যবাহী এই শিল্পকে বাঁচাতে হলে সুতা ও রঙের বাজার নিয়ন্ত্রণ করা জরুরি।
সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত প্রান্তিক তাঁতিদের টিকিয়ে রাখতে সরকারি বিশেষ প্রণোদনা ও সহজ শর্তে ব্যাংক ঋণের ব্যবস্থা করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয় মালিক ও কারিগররা।
ভোরের আকাশ/রই