সালথায় রাস্তার অভাবে দুর্ভোগে এলাকাবাসী, ইউএনওর ইটের সলিংয়ের আশ্বাস

ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের পূর্ব ফুলবাড়িয়া এলাকায় মাত্র ৩০০ ফুট কাঁচা রাস্তার অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। বিশেষ করে বর্ষা মৌসুমে এ রাস্তা দিয়ে চলাচল হয়ে ওঠে কষ্টসাধ্য। কৃষিপণ্য পরিবহনেও পোহাতে হয় ভোগান্তি।
দীর্ঘদিনের এ সমস্যা সমাধানে রাস্তাটিতে ইটের সলিং নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে রাস্তাটির উন্নয়নে কাজ করার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব ফুলবাড়িয়া এলাকায় রবিউল মুন্সীর বাড়ির সামনের পাকা সড়ক থেকে কাগদি বাওড়ের আন্দাঘাট পর্যন্ত প্রায় ৩০০ ফুট কাঁচা রাস্তা রয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তাটিতে ইটের সলিং না থাকায় স্বাভাবিক চলাচলে সমস্যায় পড়ছেন এলাকাবাসী। বৃষ্টি হলে কাঁচা রাস্তা আরও কর্দমাক্ত হয়ে ওঠে। এতে পথচারীদের পাশাপাশি কৃষকদেরও দুর্ভোগ বাড়ে।
স্থানীয় যুবদল নেতা জসিম মোল্যা, মিরাজ হোসেন ও বাবলু বলেন, মাত্র ৩০০ ফুট রাস্তা ইটের সলিং করা হলে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমবে। পাশাপাশি কৃষকেরা মাঠ থেকে ফসল সহজে বাড়িতে নিতে পারবেন। পাট কাটার পর পচানোর জন্য কাগদি বাওড়ে নেওয়াও সহজ হবে। কিন্তু বর্তমানে রাস্তাটির বেহাল অবস্থার কারণে এসব কাজে ভোগান্তি পোহাতে হচ্ছে।
তাঁরা আরও বলেন, অল্প দৈর্ঘ্যের এ রাস্তাটি উন্নয়ন করা হলে স্থানীয় মানুষের চলাচলের পাশাপাশি কৃষিকাজেও ইতিবাচক প্রভাব পড়বে। জনস্বার্থে দ্রুত রাস্তাটিতে ইটের সলিং নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন, বিভিন্ন রাস্তা সংস্কারের জন্য তাঁদের কাছে বেশ কিছু আবেদন রয়েছে। পূর্ব ফুলবাড়িয়ার ৩০০ ফুট রাস্তার দুর্ভোগের বিষয়টি তাঁদের মাধ্যমে জানা গেছে। নতুন ইট বাজারে এলে পর্যায়ক্রমে রাস্তাগুলোর সংস্কারকাজ করা হবে। জনদুর্ভোগ লাঘবে রবিউল মুন্সীর বাড়ির সামনের পাকা সড়ক থেকে কাগদি বাওড়ের আন্দাঘাট পর্যন্ত ওই রাস্তাটিতেও ইটের সলিং করা হবে।
স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিয়ে রাস্তাটির উন্নয়নকাজ বাস্তবায়ন করবে। এতে দীর্ঘদিনের দুর্ভোগ কমার পাশাপাশি এলাকার কৃষিপণ্য পরিবহনেও স্বস্তি ফিরবে।
ভোরের আকাশ/সু.পা