ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে ৪ শ্রমিকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে ৪ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২০মে) বিকেলে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে এ ঘটনা ঘটে৷
নিহতরা হলেন- আরমান (৩০), ইমাম হোসেন (৩০), হৃদয় মিয়া (২৫), মেহেদী (২২)। নিহতের মধ্যে ৩ জনের বাড়ি গলানিয়া গ্রামে ও আরেকজনের বাড়ি একই উপজেলার ধরন্তী গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে গলানিয়া গ্রামের বাসিন্দা আলী মিয়ার বাড়িতে সেপটিক ট্যাংকে কাজ করতে নামেন হৃদয় ও মেহেদী। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা উঠে না আসায় সন্দেহ হলে আরমান ও ইমাম তাদের খোঁজে সেপটিক ট্যাংকে নামেন। পরে ৪ জনই বিষক্রিয়ায় মারা যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বিকেল সাড়ে ৫টার দিকে সেপটিক ট্যাংক থেকে চারজনের মরদেহ উদ্ধার করে।
সরাইল ফায়ার সার্ভিসের স্টেশন লিডার রিয়াজ মোহাম্মদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধারের কাজ শুরু করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেপটিক ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
বুধবার (২০ মে) বিকাল ৪টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের। ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-পরিচালক ফারুক আহমেদ জানান, বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ভোরের আকাশ/ এনউব