খুলনার চার উপজেলায় যৌথ অভিযান, গ্রেপ্তার ৯৫

খুলনার চার উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রূপসা, তেরখাদা, বটিয়াঘাটা ও দিঘলিয়া উপজেলায় পরিচালিত এ অভিযানে এ পর্যন্ত ৯৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় খুলনা জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক।
তিনি জানান, এসআরবি, খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ও জেলা পুলিশের সমন্বয়ে গত মঙ্গলবার থেকে এ অভিযান শুরু হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও জানান, চলতি বছর খুলনা জেলায় ৩৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ২৫টি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়েছে। বাকি ১০টি মামলার তদন্ত চলছে।
পুলিশের বিশ্লেষণ অনুযায়ী, হত্যাকাণ্ডগুলোর মধ্যে তিনটি মাদকসংক্রান্ত বিরোধে, ১৩টি সামাজিক দ্বন্দ্বে, চারটি পারিবারিক কলহে এবং দুটি রাজনৈতিক কারণে ঘটেছে। এ ছাড়া শ্বাসরোধ ও অন্যান্য অজ্ঞাত কারণে আটটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
খুলনায় মাদকসংক্রান্ত বিরোধের জের ধরে অধিকাংশ ‘টার্গেট কিলিং’ সংঘটিত হচ্ছে বলেও উল্লেখ করেন পুলিশ সুপার। অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে যৌথ অভিযান জোরদার করা হয়েছে বলে জানান তিনি।
ভোরের আকাশ/সু.পা