জেটিঘাটে অস্ত্রসহ দুই নারীসহ গ্রেফতার ৩

কক্সবাজারের মহেশখালীতে বিশেষ অভিযানে দুটি দেশীয় তৈরি একনলা বন্দুকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন নারীও রয়েছেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহেশখালী পৌরসভার গোরকঘাটা জেটিঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করে থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ওসি মো. মনজুরুল হক।
গ্রেফতাররা হলেন—সদরের লিংকরোড বিসিক এলাকার মৃত লোকমান হাকিমের স্ত্রী গোলবাহার খাতুন (৬৫), পৌরসভার দক্ষিণ পাহাড়তলী এলাকার সাইফুল ইসলাম (২৫) এবং সদরের আলীর জাহাল এসএম পাড়ার মৃত সুলতান আহম্মদের স্ত্রী দিলবার বেগম (৬০)।
পুলিশ জানায়, কক্সবাজার শহরে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে অস্ত্রগুলো নিয়ে যাচ্ছিলেন তারা। গোপন সংবাদে অভিযানে নেমে তাদের আটক করা হয়।
ওসি মনজুরুল হক বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কাঠের বাটযুক্ত দুটি দেশীয় একনলা বন্দুকসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।”
ভোরের আকাশ//হ.র