নীলফামারীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু

নীলফামারীর ডোমারে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বিকেলে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)-এর আহবায়ক ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
উপজেলা বিএনপির আয়োজনে এ টুর্নামেন্টে ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ মোট ১১টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে ডোমার পৌরসভা ও ভোগডাবুড়ি ইউনিয়ন দল মুখোমুখি হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি রিয়াজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, ডোমার পৌর বিএনপির সাবেক সভাপতি আনিসুজ্জামান আনু, সাবেক সাধারণ সম্পাদক মোজ্জাফফর হোসেন এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে এ্যাব আহবায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, “মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এই অঞ্চলে খেলাধুলার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
ভোরের আকাশ/জাআ