কুড়িগ্রামে দুর্নীতি প্রতিরোধে যৌথভাবে কাজ করার অঙ্গীকার

কুড়িগ্রামে অনুষ্ঠিত ‘টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয়’ শীর্ষক এক কর্মশালায় দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় যৌথভাবে কাজ করার অঙ্গীকার করলেন কুড়িগ্রামের ২০ টি তরুণ স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
কুড়িগ্রাম গ্রান্ড অ্যামেন্বলী হলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরনায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), কুড়িগ্রামের ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ এ কর্মশালার আয়োজন করে। এতে কুড়িগ্রামে কর্মরত ২০ টি স্বেচ্ছাসেবী সংগঠনের ৪০ জন প্রতিনিধি অংশ নেয়।
কর্মশালাটি সঞ্চালনা করেন টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের কো-অর্ডিনেটর মো: আতিকুর রহমান। এতে দুর্নীতি প্রতিরোধ ও প্রাতিষ্ঠানিক সেবা নিশ্চিত করণে সুশাসনের উপাদান, সুশাসনের ঘাটতি ও তার প্রভাব, টেকসই উন্নয়ন অভীষ্ট ও এর লক্ষ্যমাত্রা, গুরুত্ব, উপাদানসমূহ, টেকসই উন্নয়ন অভীষ্ট ১৬ এবং তথ্য অধিকার আইন প্রয়োগ কৌশল, বাস্তবায়নের প্রতিবন্ধকতা ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন সনাক কুড়িগ্রামের সভাপতি রওশন আরা চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন সনাক সহ:সভাপতি ফজলে এলাহী স্বপন, সনাক সদস্য আহসান হাবীব নীলু,প্রতিমা চৌধুরী এবং টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের ডেপুটি কো-অর্ডিনেটর মো: হোজ্জাতুল ইসলাম।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, টেকসই উন্নয়ন ও সুশাসন এর সাথে দুর্নীতিবিরোধী অবস্থান একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। কারণ দুর্নীতি থাকলে সেখানে সুশাসন ও টেকসই উন্নয়ন সম্ভব নয়। তরুণরাই আগামীতে নেতৃত্ব দেবে, তাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা এবং সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনে তাদেরকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
কর্মশালায় গ্রীনভয়েজ,দূর্বার যুব সংগঠন,ইযুথ কেয়ার,বাঁধন,ইযুথ ফর পলিসি,রোভার স্বাউট,প্রথম আলো বন্ধুসভা,দিশারী পাঠাগার,ভিবিডি,সমন্বয় পরিবার,হিজিবিজি,ইয়ুথ গ্লোবাল,,কালেরকন্ঠ শুভসংঘ,বেলগাছা যুব সংগঠণ,দিশারী শিশু ফোরাম,বিএনসিসি,মেঠোজন,ও সমকাল সুুহৃদ এর প্রতিনিধিগণ অংশ নেন।
অংশগ্রহণকারী তরুণ সংগঠনের নেতৃবৃন্দ টেকসই উন্নয়ন অভীষ্ট এবং প্রাতিষ্ঠানিক সুশাসন বাস্তবায়নে যার যার সাংগঠনিক অবস্থান থেকে ভূমিকা রাখার অঙ্গীকার করেন এবং দুর্নীতি প্রতিরোধে যৌথ শপথ গ্রহণ করেন।
ভোরের আকাশ/ র.ই