রুমিন ফারহানার সাথে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষকদের সাক্ষাৎ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক দলের সদস্য মায়া হুরলিমান ও লার্স প্রাগমান মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে নিজ বাসভবনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এর নির্বাচনি পরিবেশ, ভোটারদের অংশগ্রহণ, প্রার্থীদের সমান সুযোগ নিশ্চিতকরণ এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক দলের দুই সদস্য জানান, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিক পরিমণ্ডলে বেশ গুরুত্ব পাচ্ছে। ভোটারদের নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং নির্বাচনী আচরণবিধি বাস্তবায়ন জরুরী।
নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা সম্পর্কে একটি নিরপেক্ষ ধারণা পেতে মাঠপর্যায়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে কথা বলে বাস্তব পরিস্থিতি মূল্যায়ন করছেন।
এরই ধারাবাহিকতায় ব্যারিষ্টার রুমিন ফারহানার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন; প্রার্থীদের অভিজ্ঞতা ও প্রত্যাশা জানাটা তাদের কাজের সহায়ক বলে মন্তব্য করেন।
এসময় ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, 'ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের প্রত্যাশা অনুযায়ী গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমাদের সবারই প্রত্যাশা।'
ভোরের আকাশ/নি. ব