রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বহিষ্কার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহাম্মদকে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
বুধবার (৪ নভেম্বর) কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক চিঠিতে এ বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের সিদ্ধান্তে তাকে দলের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুবুর রহমান বলেন, দলের নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ড এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে আলী আহাম্মদকে বহিষ্কার করা হয়েছে।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাহউদ্দিন সালু বলেন, দলের বিভিন্ন কর্মসূচিতে অংশ না নেওয়াসহ সাংগঠনিক দায়িত্ব পালনে তার অবহেলা ছিল। একাধিকবার সতর্ক করার পরও সংশোধন না হওয়ায় কেন্দ্রীয় কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।
তবে বহিষ্কারের বিষয়ে আলী আহাম্মদ বলেন, দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার বিষয়ে তাকে মৌখিকভাবে বলা হয়েছিল। কিন্তু কোনো লিখিত নোটিশ না দিয়েই বহিষ্কার করা হয়েছে। এ ধরনের সিদ্ধান্ত সঠিক হয়নি বলে তিনি মনে করেন।
এদিকে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক বলেন, কেন্দ্রীয় কমিটির স্বাক্ষরিত বহিষ্কারের চিঠি তিনি পেয়েছেন। ওই চিঠিতে দলের কোনো নেতাকর্মীকে বহিষ্কৃত আলী আহাম্মদের সঙ্গে যোগাযোগ না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।
ভোরের আকাশ/রই