কুলাউড়ায় ব্যাপক প্রস্তুতির পরও হচ্ছে না বাণিজ্য মেলা

মৌলভীবাজারের কুলাউড়ায় ব্যাপক প্রস্তুতি নেওয়ার পরও শেষ পর্যন্ত আয়োজন করা হচ্ছে না মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প বাণিজ্য মেলা। জেলা প্রশাসনের অনুমতি না পাওয়ায় মেলার আয়োজন স্থগিত করেছে আয়োজক কমিটি।
জানা গেছে, আগামী ১৫ ও ১৬ নভেম্বর কুলাউড়া শহরের নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে মাসব্যাপী এ বাণিজ্য মেলার উদ্বোধনের কথা ছিল। এ উপলক্ষে মাঠে বিভিন্ন স্টল ও দোকান নির্মাণের জন্য বাঁশ দিয়ে অস্থায়ী অবকাঠামো তৈরি করা হয়। তবে ১৪ নভেম্বর সরেজমিনে দেখা যায়, নির্মিত এসব অবকাঠামো খুলে সরিয়ে নেওয়া হচ্ছে। এতে মেলা আয়োজনের সব প্রস্তুতি শেষ পর্যায়ে থাকলেও শেষ পর্যন্ত তা আর আলোর মুখ দেখছে না।
স্থানীয় সূত্র জানায়, জেলা প্রশাসনের অনুমতি না পাওয়ায় মেলা আয়োজন সম্ভব হচ্ছে না। এ বিষয়ে মেলা কমিটির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আকই বলেন, কুলাউড়া ব্যবসায়ী সমিতির অভিযোগ এবং সামনে শিক্ষার্থীদের পরীক্ষা থাকায় হয়তো জেলা প্রশাসক মেলার অনুমতি দেননি। মেলা কমিটি নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে যে তারা মেলা করবে না। এ জন্য আমাদের পক্ষ থেকে জেলা প্রশাসক ও মেলা কমিটিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
কুলাউড়ার সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস বলেন, সরকারি নিয়মনীতি অনুযায়ী সরকারি খেলার মাঠে কোনো ধরনের বাণিজ্য মেলা আয়োজনের সুযোগ নেই। কী বিবেচনায় তারা সেখানে মেলার প্রস্তুতি নিয়েছেন, সে বিষয়ে প্রশাসন অবগত নয়। প্রশাসনের পক্ষ থেকে খেলার মাঠে মেলা করতে দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও দেওয়া হবে না।
ভোরের আকাশ/সু.পা