বন্ধ পাটকল চালুর আশ্বাস
রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে প্রতিমন্ত্রী

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, দেশের বন্ধ পাটকলগুলো পর্যায়ক্রমে চালু করা হবে।
তিনি জানান, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ইতোমধ্যে বেশ কিছু পাটকল চালু হয়েছে এবং আরও অনেকগুলো চালুর প্রক্রিয়ায় রয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার নোয়াপাড়ায় বাস্তবায়নাধীন জামদানী ভিলেজ প্রকল্প এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এসময় দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে পাটশিল্পকে এগিয়ে নিতে সরকার বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, দেশের ঐতিহ্যবাহী জামদানী শিল্পের উন্নয়ন, সংরক্ষণ ও সম্প্রসারণের লক্ষ্যে গৃহীত জামদানী ভিলেজ প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পর্যালোচনা করা হয়েছে। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি স্থানীয় তাঁতিদের সঙ্গেও কথা বলেন তিনি।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী আব-ই-রওয়ান প্রদর্শনী কেন্দ্র ঘুরে দেখেন এবং মসলিন কাপড় তৈরির বিভিন্ন ধাপ—কাপাস থেকে চরকার মাধ্যমে সুতা তৈরি এবং সেই সুতা দিয়ে কাপড় বয়ন প্রক্রিয়া—পর্যবেক্ষণ করেন। পাশাপাশি গ্যালারিতে প্রদর্শিত মসলিন সুতা দিয়ে তৈরি কাপড়ও পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, তাঁত বোর্ডের সদস্য মো. মিজানুর রহমান ও দেবাশীষ নাগ, যুগ্মসচিব মো. জাহিদ হাসান, প্রকল্প পরিচালক আইয়ুব আলী, জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, তুলা উন্নয়ন বোর্ডের উপপরিচালক মো. কুতুব উদ্দিন এবং রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।
ভোরের আকাশ/ র.ই