ব্যক্তি উদ্যোগে রায়গঞ্জে চালু হচ্ছে ইসিজি সেবা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় এক বছর পর আবারও চালু হতে যাচ্ছে ইসিজি (ECG) সেবা। উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব দুলাল হোসেন খাঁনের ব্যক্তিগত অর্থায়নে হাসপাতালটিতে নতুন একটি ইসিজি মেশিন প্রদান করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া ইসলাম তন্বীর হাতে মেশিনটি তুলে দেন দুলাল হোসেন খাঁন।
এ সময় সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক, রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারী, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, যুবদল ও কৃষক দলের নেতাকর্মী এবং রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, প্রায় এক বছর ধরে ইসিজি মেশিনটি বিকল থাকায় রোগীদের বাইরে গিয়ে পরীক্ষা করাতে হচ্ছিল। নতুন মেশিন চালু হলে হৃদরোগ শনাক্তকরণসহ জরুরি চিকিৎসাসেবায় গতি আসবে এবং রোগীদের ভোগান্তি কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
দুলাল হোসেন খাঁন বলেন, “রায়গঞ্জের সাধারণ মানুষের চিকিৎসাসেবা সহজ করতে নিজের সামর্থ্য অনুযায়ী এই উদ্যোগ নিয়েছি। স্থানীয় রোগীরা উপকৃত হলেই আমার উদ্যোগ সফল হবে।”
ভোরের আকাশ/ এনউব