খেলার বয়সেই মৃত্যু, বন্যার স্রোত কেড়ে নিল তিন শিশুর জীবন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও জোয়ারে সৃষ্ট বন্যার পানিতে ভেসে তিন শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার পর ফায়ার সার্ভিস অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।
শুক্রবার (১০ জুলাই) উপজেলার সরল ইউনিয়নের পশ্চিম জালিয়াঘাটা এলাকা থেকে ১২ বছর বয়সী তাহিন নুরের মরদেহ উদ্ধার করা হয়। সে সরল ইউনিয়নের বাসিন্দা আব্দুল করিমের মেয়ে। একই দিনে বাহারচড়া ইউনিয়নে পাহাড়ি ঢলের প্রবল স্রোতে ভেসে মারা যায় আশিক (৮) ও মো. মিরাজ (৬) নামে আরও দুই শিশু।
স্থানীয়দের ভাষ্য, কয়েক দিনের টানা বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়। এ সময় পাহাড়ি ঢল ও জোয়ারের তীব্র স্রোতে তিন শিশু ভেসে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর তাদের সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে তিন শিশুর মরদেহ উদ্ধার করেন।
ভোরের আকাশ/এনএ