খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবলীগ কর্মী নিহত

খুলনা মহানগরীর দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. ইসমাইল (৩২) নামের এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। তিনি পুলিশ এ্যাসল্ট ও হত্যাসহ একাধিক মামলার আসামি এবং তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন। নিহত ইসমাইল বড় খালপাড় এলাকার মো. শাজাহান ওরফে পাগলা শাজাহানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) দিনগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় অবস্থানকালে একদল দুর্বৃত্ত ইসমাইলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। গুলি বর্ষণের পর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে।
পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে অবস্থান নিয়েছে। ময়নাতদন্তের প্রস্তুতি এবং এই হত্যাকাণ্ডে জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
ভোরের আকাশ/ইউএম