রায়গঞ্জে এইচএসসি শিক্ষার্থী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জের রায়গঞ্জে এইচএসসি শিক্ষার্থী আব্দুর রহমান হত্যা মামলার প্রধান আসামি মো. রিপন সরকার ওরফে টিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) গাজীপুরের কালিয়াকৈর থানা এলাকায় তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
পুলিশ জানায়, গত ১৪ জুলাই রাতে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে রায়গঞ্জ উপজেলার ধানগড়া উত্তরপাড়া এলাকায় আব্দুর রহমান ও তাঁর বড় ভাই হাসানের ওপর হামলা চালানো হয়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুজনকে গুরুতর আহত করা হয়।
পরে গুরুতর আহত আব্দুর রহমানকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৭ জুলাই তাঁর মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আব্দুর রহমানকে বাঁচাতে চিকিৎসকেরা তাঁর একটি হাত অস্ত্রোপচারের মাধ্যমে কেটে ফেললেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। একই ঘটনায় আহত তাঁর বড় ভাই হাসানও দীর্ঘদিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
পরে ১৮ জুলাই রায়গঞ্জ থানায় একটি হত্যা মামলা করা হয়। মামলায় রিপন সরকারসহ কয়েকজনকে আসামি করা হয়। গ্রেপ্তার রিপন সরকার (৩৯) ধানগড়া উত্তর গ্রামের তারা মিয়া সরকারের ছেলে।
পুলিশের তথ্য অনুযায়ী, তথ্যপ্রযুক্তির সহায়তায় রিপনের অবস্থান শনাক্ত করে গাজীপুরের কালিয়াকৈর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার রিপন সরকারকে আদালতে সোপর্দ করা হবে।
ভোরের আকাশ/জেআ