জামালপুরে ৫ মাদক কারবারি আটক

জামালপুর জেলায় পৃথক দুইটি মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও হেরোইন উদ্ধারসহ পাঁচজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলার পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় এবং ডিবি-১ শাখার অফিসার ইনচার্জ মো. আবদুল কাইয়ূমের তত্ত্বাবধানে বৃহস্পতিবার (৯ এপ্রিল) এ অভিযানগুলো পরিচালিত হয়। সন্ধ্যা ৭টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার কাউনিয়ার চর বাজার এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় ডিবি।
এসময় সাইদুর রহমান (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
একই দিন রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে জামালপুর সদর উপজেলার শেরপুর ব্রিজ-জামালপুর মহাসড়কের ছনকান্দা এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। সেখানে ১০ গ্রাম হেরোইনসহ চারজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মুন্না (৩২), আফ্রিদী ইসলাম (৩০), আরিফুল ইসলাম রনি (৪২) এবং রাশেদ মোশারফ বাবু (৩১)। উদ্ধারকৃত হেরোইনের বাজারমূল্য প্রায় ১ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় দেওয়ানগঞ্জ ও জামালপুর সদর থানায় পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটককৃতদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জেলা পুলিশ সুপার জানান, মাদকবিরোধী অভিযানে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অন্যদিকে ডিবি কর্মকর্তারা জানান, গোপন তথ্যের ভিত্তিতে পরিকল্পিত অভিযান চালিয়েই এই সাফল্য এসেছে।
ভোরের আকাশ/ র.ই