পাবনায় হানিট্র্যাপ চক্রের ৩ সদস্য আটক, অপহৃত ব্যক্তি উদ্ধার

পাবনায় মোবাইল ফোনে প্রেমের অভিনয় করে এক ব্যক্তিকে ডেকে নিয়ে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে এক নারীসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় অপহৃত ব্যক্তিকে উদ্ধার করার পাশাপাশি ৪ হাজার টাকা ও একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোরে পাবনা সদর উপজেলার শ্রীপুর বাজার থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন সদর উপজেলার কায়েমকোলা গ্রামের জামাল উদ্দিন (৪৫), তাঁর স্ত্রী পলি খাতুন (৩৩) এবং একই গ্রামের মুন্তাজ সরদারের ছেলে উকিল সরদার (৪৫)। অপহৃত ব্যক্তির নাম কারিবুর রহমান (৪৮)।
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে চক্রটি মোবাইল ফোনে প্রেমের অভিনয় করে বিভিন্ন ব্যক্তিকে ডেকে এনে ফাঁদে ফেলত। পরে তাঁদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করত।
ওসি জানান, এই ধারাবাহিকতায় বুধবার পলি খাতুন মোবাইল ফোনে কারিবুর রহমানকে ডেকে আনেন। পরে তাঁর স্বামী জামাল উদ্দিন ও সহযোগী উকিল সরদার তাঁকে অপহরণ করে তাঁর ছেলের কাছে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করেন।
এদিকে কারিবুর রহমানকে খুঁজে না পেয়ে তাঁর ছেলে কামরুল ইসলাম সারাদিন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে রাতে তিনি পাবনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই জিডির সূত্র ধরে বৃহস্পতিবার ভোরে শ্রীপুর বাজারে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে ডিবি পুলিশ। এ সময় অপহৃত কারিবুর রহমানকে উদ্ধার করা হয়।
পাবনা সদর থানার ওসি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে থানায় হস্তান্তর করা হচ্ছে।