যারা পিআর চান তাদের উদ্দেশ্য ভিন্ন: সালাহউদ্দিন আহমদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্ব শেষ হয়ে গেছে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার প্রমাণ উঠে এসেছে বলে দাবি করেন তিনি।
শনিবার (২৩ আগস্ট) কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আরও বলেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক দল নয়, বরং সন্ত্রাসী সংগঠন। এজন্যই তাদের সন্ত্রাস দমন আইনে নিষিদ্ধ করা হয়েছে।
তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা দেশকে গণতন্ত্রবিহীন রাষ্ট্রে পরিণত করেছেন এবং পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার মাধ্যমে প্রমাণ করেছেন, তিনি বাংলাদেশের প্রতিনিধি নন।
পিআর ইস্যুতে ইঙ্গিত করে সালাহউদ্দিন বলেন, “যারা পিআর চান, তাদের উদ্দেশ্য ভিন্ন। আসুন সবাই মিলে বসি, কার কী দাবি আছে শুনি।”
বিএনপির এই নেতা আরও বলেন, দেশে এখন কার্যত কারাগারের পরিবেশ বিরাজ করছে। স্বাধীনতার ৫৪ বছর পরও গণতন্ত্র বিকশিত হয়নি। ভুয়া নির্বাচনের মাধ্যমে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দেওয়া হয়েছে। তবে আগামীর নির্বাচন হবে নজিরবিহীন—মানুষ যাকে ভোট দেবে, তিনিই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন।
তিনি দাবি করেন, জনগণ দীর্ঘ ১৬ বছর ধরে রক্ত দিয়ে অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালাচ্ছে। আগামী নির্বাচনেই তরুণদের প্রত্যাশিত বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে বিএনপি ভূমিকা রাখবে।
চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন—চট্টগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক সংসদ সদস্য এডভোকেট হাসিনা আহমদ, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, সাবেক নেতা আবু সুফিয়ান, মিজানুর রহমান চৌধুরী, অধ্যাপক ফখরুদ্দিন ফরায়জীসহ দল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ভোরের আকাশ/হ.র