বিজিবির তাড়া খেয়ে ভারতীয় গরু ও মদ ফেলে পালাল চোরাকারবারিরা

হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর সীমান্তে বিজিবির তাড়া খেয়ে ভারতীয় গরু ও মদের চালান ফেলে পালিয়ে গেছে চোরাকারবারিরা। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পৃথক চারটি চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৯টি ভারতীয় গরু এবং ৬৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে হবিগঞ্জ ৫৫ বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলার আমু চা-বাগান এলাকায় সীমান্ত পিলার ১৯৭৩/এম থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চিমটিবিল বিওপির একটি টহলদল প্রথম অভিযানটি চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় আনুমানিক ৭ লাখ টাকা মূল্যের ৯টি ভারতীয় গরু জব্দ করা হয়।
এছাড়া কালেঙ্গা ও তেলিয়াপাড়া বিওপির টহলদল চুনারুঘাট ও মাধবপুর উপজেলাধীন সীমান্ত সংলগ্ন কৃষ্ণছড়া, ১৭ নং চা-বাগান এবং বনগাঁও এলাকায় পৃথক তিনটি অভিযান পরিচালনা করে। এসব অভিযানে চোরাকারবারিদের ফেলে যাওয়া আরও ৬৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য নিরানব্বই হাজার টাকা।
হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, জব্দকৃত মাদক এবং গরু বিধি মোতাবেক সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের অর্থনীতি ও জননিরাপত্তা সুরক্ষায় সীমান্ত দিয়ে চোরাচালান এবং মাদকদ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/আ.র